প্রশ্নকর্তা আয়াতে যে নির্দেশ উল্লেখ করেছেন সেটা হলো শত্রুদের পরাজিত করা ও তাদের কূট-চক্রান্ত প্রতিরোধ করার ক্ষেত্রে সাহাবী ও মুমিনদেরকে আল্লাহর প্রদত্ত নিয়ামত, অনুগ্রহ ও দানের কথা স্মরণ করার নির্দেশ।
ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন: আল্লাহ তায়ালা তার মুমিন বান্দাদেরকে প্রদত্ত নিয়ামত, অনুগ্রহ ও দানের কথা জানিয়েছেন। তা হলো তিনি শত্রুদেরকে প্রতিহত করেছেন ও পরাজিত করেছেন, যে বছর শত্রুরা তাঁর বিরুদ্ধে দলবদ্ধ হয়ে চক্রান্তে লিপ্ত হয়েছিল। আর সেটা ছিল খন্দকের বছর। [তাফসীরু ইবনে কাসীর (৬/৩৮৩) থেকে সমাপ্ত]।
কুরআনে যে সকল স্থানে নিয়ামতকে স্মরণ করার নির্দেশ এসেছে, সেখানে উদ্দেশ্য হলো:
অন্তর দিয়ে স্মরণ করা, আর তা সম্পাদিত হবে নিয়ামতসমূহের মাধ্যমে বান্দাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করার মাধ্যমে।
কথা দিয়ে স্মরণ করা, আর তা সম্পাদিত হবে মৌখিকভাবে বলার মাধ্যমে।
এবং অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে স্মরণ করা, আর তা সম্পাদিত হবে আল্লাহকে ক্রোধান্বিত করে এমন সব কিছুতে অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার না করার মাধ্যমে।
নিয়ামতের স্মরণই এর কৃতজ্ঞতা। এটা অন্তর, মুখ ও অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে করা যায়। এর প্রত্যেক প্রকার একটি অন্যটির সত্যায়ন করে। নতুবা কৃতজ্ঞতা প্রকাশ মিথ্যা বলে গণ্য হয়।
তাই তো কবি বলেছেন:
নিয়ামত দিয়ে তোমরা আমার তিনটি জিনিসের মালিক হয়ে গিয়েছ: আমার হাত, আমার জিহ্বা ও অদৃশ্য হৃদয়।
শাইখ ইবনে উছাইমীন রাহিমাহুল্লাহ সূরা বাকারার ২৩১ নং আয়াতের তাফসীরে বলেন: “স্মরণ হয়ে থাকে অন্তর, যবান ও অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে। যবানের মাধ্যমে স্মরণ বলতে বোঝানো হয়: আল্লাহ আমাকে অমুক নিয়ামত দিয়েছেন। যেমনটা আল্লাহ বলেছেন: “আর তোমার রবের নিয়ামতের কথা জানিয়ে দাও।” [দুহা: ১১] আপনি নিয়ামতের ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করে বলবেন: হে আল্লাহ! আপনি আমাকে যে সম্পদ, স্ত্রী, সন্তান বা অনুরূপ বস্তু দান করেছেন, তার জন্য আপনার প্রশংসা।
অন্তর দিয়ে স্মরণ করার অর্থ হলো: আপনি অন্তরে নিয়ামতটা মনে করবেন। স্বীকৃতি দিবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত।
আর অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে স্মরণ বলতে বোঝানো হয়: আল্লাহর ইবাদত করা, যাতে তাঁর নিয়ামতের প্রভাব আপনার মাঝে তিনি দেখতে পান।” [তাফসীরু সূরাতিল বাকারা (৩/১৩২)]।
হারাওয়ী বলেন: কৃতজ্ঞতার তিন অর্থ: নিয়ামতকে জানা, নিয়ামতকে গ্রহণ করা ও নিয়ামতের জন্য প্রশংসা করা।
ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ হারাওয়ীর কথার ব্যাখ্যা করে বলেন:
নিয়ামত জানার অর্থ অন্তরে সেটাকে স্মরণ করা, দেখা এবং আলাদা করা।
নিয়ামতকে জানা মানে: মনে সেটাকে অর্জন করা।
আর গ্রহণ করা মানে: নিয়ামতদাতার কাছে নিজের মুখাপেক্ষিতা ও দারিদ্র্য প্রকাশ করে সেটা গ্রহণ করা। নিয়ামতদাতার সামনে এমন মনোভাব প্রকাশ করা যে, কোনো প্রকার অধিকার ছাড়াই এবং কোনো মূল্য পরিশোধ করা ছাড়াই এ নিয়ামত তার কাছে পৌঁছেছে। বরং এ ক্ষেত্রে ব্যক্তি নিজেকে অনাহুতের মত মনে করবে। আর প্রকৃতপক্ষে এটা নিয়ামত গ্রহণ করার পক্ষে সাক্ষ্য।
নিয়ামতের জন্য প্রশংসা করা মানে: নিয়ামতদাতার প্রশংসা করা। আর নিয়ামতের সাথে সংশ্লিষ্ট প্রশংসা দুই ধরনের। সাধারণ ও বিশেষ:
সাধারণ প্রশংসা হলো: তাঁর বদান্যতা, অনুগ্রহ ও দানের প্রাচুর্য প্রভৃতি গুণে তাঁকে গুণান্বিত করা।
আর বিশেষ প্রশংসা হলো: তাঁর নিয়ামত জানান দেওয়া। তাঁর কাছ থেকেই নিয়ামত এসে পৌঁছেছে সেটা বলা। যেমন আল্লাহ তায়ালা বলেন: “আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন।” [দোহা: ১১]
জানিয়ে দেওয়ার বিষয়ে যে আদেশ, এ প্রসঙ্গে দুটি মত আছে:
প্রথম মত হলো: তিনি নিয়ামতকে স্মরণ করা ও সেটা জানিয়ে দেওয়ার কথা বলেছেন। আল্লাহ আমাকে অমুক অমুক নিয়ামত দিয়েছেন এমনটা বলা। মুকাতিল বলেন: অর্থাৎ এই সূরায় আপনাকে যে নিয়ামত দেয়ার কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর জন্য আপনি কৃতজ্ঞতা পোষণ করুন: অনাথ অবস্থার উপশম করা, বিপথগামিতার পর সুপথ দেখানো, দারিদ্র্যের পর প্রাচুর্যের অধিকারী করা।
আল্লাহর নিয়ামতের জানান দেওয়া কৃতজ্ঞতা। যেমনটা জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ হাদীসে বর্ণিত হয়েছে: “যার সাথে ভালো ব্যবহার করা হয়েছে, সে যেন তাকে এর অনুরূপ বিনিময় দান করে। যদি বিনিময় দান করার সামর্থ্য না থাকে, তাহলে সে যেন তার প্রশংসা করে। কেননা যে তার প্রশংসা করল সে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। আর যে তার ভালো ব্যবহারের কথা গোপন রাখল সে তার প্রতি অকৃতজ্ঞ হলো। আর যে ব্যক্তি এমন কিছু পাওয়ার ভান করে যা তাকে দেওয়া হয়নি, সে যেন মিথ্যার দুটি পোশাক পরিধানকারী।” [হাদীসটি বুখারী আদাবুল মুফরাদে (২১৫) বর্ণনা করেন, শাইখ আলবানী এটাকে সহীহ বলেন]।
তিনি এখানে তিন প্রকার মানুষের কথা উল্লেখ করলেন: নিয়ামতের কৃতজ্ঞতা ও প্রশংসাকারী, নিয়ামতের অস্বীকারকারী এবং নিয়ামত গোপনকারী। আর নিয়ামতের মালিক না হয়েও যে নিজেকে নিয়ামতধারী দাবি করে, সে এমন কিছুর দাবি করল যেটা তার কাছে নেই।
অন্য একটি মারফূ বর্ণনায় আছে: “যে ব্যক্তি অল্পের কৃতজ্ঞতা করে না, সে বেশিরও কৃতজ্ঞতা করে না। আর যে মানুষের কৃতজ্ঞতা করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা করে না। আল্লাহর নিয়ামতের জানান দেওয়া ‘কৃতজ্ঞতা’। নিয়ামতের জানান দেওয়া পরিত্যাগ করা ‘অকৃতজ্ঞতা’। ঐক্য অনুগ্রহ; আর বিভক্তি আযাব।”[আব্দুল্লাহ ইবনে আহমদ যাওয়ায়েদুল মুসনাদে (১৮৪৪৯) বর্ণনা করেছেন। শাইখ আলবানী এটাকে হাসান বলেছেন]।
দ্বিতীয় মত হলো: উক্ত আয়াতে (অর্থাৎ সূরা দোহার শেষে, যা আগে বলা হয়েছে) যে নিয়ামতের জানান দিতে আদেশ প্রদান করা হয়েছে, সেটা হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, তাঁর বার্তা পৌঁছে দেওয়া এবং উম্মতকে শেখানো। মুজাহিদ বলেন: এটা হলো নবুয়ত। যাজ্জাজ বলেন: অর্থাৎ আপনাকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে তা পৌঁছে দিন। আল্লাহ আপনাকে যে নবুয়ত দিয়েছেন, সেটা জানিয়ে দিন। কালবী বলেন: এটা হলো কুরআন। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন কুরআন পড়িয়ে দেওয়ার।
সঠিক মত হলো: এটা উভয় মতকে অন্তর্ভুক্ত করে। কেননা উভয়টাই এমন নিয়ামত যার কৃতজ্ঞতা করা, যা জানান দেওয়া এবং প্রকাশ করার বিষয়ে আদেশ করা হয়েছে। [মাদারিজুস সালিকীন (২/২৩৭) থেকে সংক্ষেপে সমাপ্ত]।
কৃতজ্ঞতার ব্যাপারে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন: এটা তিনটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: গোপনে নেয়ামতের স্বীকৃতি, প্রকাশ্যে জানান দেওয়া এবং নিয়ামত প্রদানকারীর সন্তুষ্টিতে বিষয়টাকে কাজে লাগানো। [আল-ওয়াবেলুস সাইয়্যিব (পৃ. ৫) থেকে সমাপ্ত]।
আল্লাহই সর্বজ্ঞ।