কাপড়ের মোজার ওপর চামড়ার মোজা পরলে কোনটির ওপর মাসেহ করবে?

প্রশ্ন 98580

আমি পবিত্র অবস্থায় কাপড়ের মোজার ওপর চামড়ার মোজা পরেছি। এরপর অজু করার সময় চামড়ার মোজার ওপর মাসেহ করেছি। এখন আমি যদি চামড়ার মোজাটি খুলে ফেলি, তবে মাসেহ-এর বাকি সময়টুকু কি নীচের কপড়ের মোজার ওপর মাসেহ চালিয়ে যেতে পারব?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

যদি কেউ চামড়ার মোজার ওপর চামড়ার মোজা পরে কিংবা কাপড়ের মোজার ওপর চামড়ার মোজা পরে, তবে কোন মোজাটির ক্ষেত্রে বিধান প্রযোজ্য হবে? এ বিষয়টি বিস্তারিত বিশ্লেষণ সাপেক্ষ:

শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহ.) এ সম্পর্কে বলেন:

১. যদি কেউ কাপড়ের মোজা বা চামড়ার মোজা পরার পর অজু ভেঙে যায়, এরপর অজু করার আগেই আগের মোজার ওপর দ্বিতীয় আরেকটি মোজা পরে, তবে বিধান প্রথম মোজা অনুযায়ী হবে। অর্থাৎ, পরবর্তীতে অজু করার সময় তাকে প্রথম (নিচের) মোজাটির ওপরই মাসেহ করতে হবে, উপরেরটির ওপর মাসেহ করা জায়েজ হবে না।

২. যদি কেউ কাপড়ের মোজা বা চামড়ার মোজা পরার পর অজু ভেঙে যায় এবং সেটির ওপর মাসেহ করে, এরপর তার ওপর দ্বিতীয় আরেকটি মোজা পরে— তবে সঠিক মত অনুযায়ী সে দ্বিতীয় (উপরের) মোজাটির ওপরও মাসেহ করতে পারবে। আল-ফুরু কিতাবে বলেছেন: ইমাম মালেকের মতানুসারে জায়েয হওয়ায় সঙ্গত। ইমাম নববী (রহ.) বলেছেন: এটিই অধিক স্পষ্ট ও মনোনীত মত। কারণ সে এটি পবিত্র অবস্থায় পরিধান করেছে। পক্ষান্তরে, যারা বলেছেন: এটি অসম্পূর্ণ পবিত্রতা— তাদের এ কথা অগ্রহণযোগ্য।

যদি আমরা এই অভিমতকে গ্রহণ করি তাহলে এ অবস্থায় মাসেহ-এর সময়সীমা শুরু হবে প্রথম মোজাটিতে মাসেহ করার সময় থেকে। আর এক্ষেত্রে সে চাইলে নিঃসন্দেহে প্রথম (নিচের) মোজাটির ওপরও মাসেহ করতে পারবে।

৩. যদি কেউ চামড়ার মোজা বা কাপড়ের মোজার ওপর চামড়ার মোজা পরে এবং উপরেরটির ওপর মাসেহ করে, এরপর সেটি খুলে ফেলে; তবে কি সে বাকি সময় নিচেরটির ওপর মাসেহ করতে পারবে? এ বিষয়ে আমি (ইবনে উসাইমীন) কাউকে স্পষ্টভাবে কিছু বলতে দেখিনি। তবে ইমাম নববী (রহ.) আবুল আব্বাস ইবনে সুরাইজ থেকে বর্ণনা করেছেন যে, যখন চামড়ার মোজার ওপর 'জুরমুক' (শীতের দেশে ব্যবহৃত ওভার-শু) পরা হয়, তখন তিনভাবে একে ব্যাখ্যা করা যেতে পারে। একটি হলো: এ দুটো মিলে একটি মোজার মতো গণ্য হবে; উপরেরটি বহিরাবরণ (যিহারাহ) এবং নিচেরটি ভেতরের অংশ (বিতানাহ) হিসেবে।

আমি (ইবনে উসাইমীন) বলব: এই মতের ভিত্তিতে, উপরের মোজাটি খুলে ফেললে মাসেহ-এর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত নিচের মোজাটির ওপর মাসেহ করা জায়েজ হবে। ঠিক যেমন চামড়ার মোজার উপরের স্তরটি যদি ছিঁড়ে বা উঠে যায়, তবে তার নিচের স্তরের ওপর মাসেহ করা যায়।

শাইখ ইবনে উসাইমীন, ফাতাওয়া আত-তাহারাহ (পৃষ্ঠা ১৯২) থেকে সমাপ্ত।

জুরমুক (الجُرموق): এটি এমন এক ধরনের চামড়ার মোজা যা সাধারণ চামড়ার মোজার ওপর পরা হয়। বিশেষ করে প্রচণ্ড শীত প্রধান দেশে।

যাহারা ও বিতানা (الظَّهارة والبطانة): কোনো খুফ যদি দুই স্তর বিশিষ্ট হয়, তবে উপরের স্তরকে যাহারা এবং নিচের স্তরকে বিতানা বলা হয়। [দেখুন: আশ-শারহুল মুমতি, ১/২১১]

উপরের আলোচনা থেকে এটি স্পষ্ট যে, কেউ যদি কাপড়ের মোজার ওপর চামড়ার মোজা (খুফ) পরে এবং পরবর্তীতে উপরেরটি খুলে ফেলে, তবে তার মাসেহ বাতিল হবে না। শাইখ ইবনে উসাইমীন বর্ণিত তিনটি অবস্থাতেই সে মাসেহ-এর নির্ধারিত সময়সীমা শেষ হওয়া পর্যন্ত নিচের মোজাটির ওপর মাসেহ চালিয়ে যেতে পারবে।

আল্লাহই সর্বজ্ঞ।

সূত্র

মোজার উপর মাসেহ

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

Previous
পরবর্তী
at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android