কাগুজে মুদ্রার নিসাব নির্ধারণ:
কাগুজে মুদ্রার নিসাব নির্ধারণের ক্ষেত্রে সঠিক অভিমত হলো— এটি স্বর্ণের পরিবর্তে রুপার ভিত্তিতে হিসাব করা হবে। কারণ এতে দরিদ্রদের স্বার্থ বেশি রক্ষিত হয়।
রুপার নিসাব হলো ৫৯৫ গ্রাম। সুতরাং কারো কাছে যদি এই পরিমাণ রুপার সমমূল্যের মুদ্রা থাকে, তবে তার ওপর যাকাত ওয়াজিব হবে।
পূর্ববর্তী ফকিহগণ (ইসলামী আইনবিদ) ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত দিয়েছেন যে, দরিদ্রদের জন্য যা বেশি উপকারী হবে তা-ই বিবেচনা করা হবে।
'আল-রাওদ আল-মুরবি’ (পৃষ্ঠা ২১১) গ্রন্থে বলা হয়েছে:
"বছর পূর্ণ হওয়ার পর ব্যবসার পণ্যকে স্বর্ণ বা রুপার মধ্যে যেটির মাধ্যমে দরিদ্ররা বেশি উপকৃত হয় সেটির মাধ্যমে মূল্যায়ন করা হবে। যদি পণ্যের মূল্য যে কোনো একটির (স্বর্ণ বা রুপা) নিসাবে পৌঁছে; কিন্তু অন্যটির নিসাবে পৌঁছে না তবে যেটির নিসাবে পৌঁছে সেটিই বিবেচনা করা হবে।"
রাবেতা আল-আলম আল-ইসলামীর অধীনস্থ ‘মাজমাউল-ফিকহ আল-ইসলামী’ (ইসলামী ফিকহ একাডেমি), সৌদি আরবের ‘স্থায়ী ফতোয়া কমিটি’ (আল-লাজনাহ আদ-দায়িমাহ), শাইখ ইবনে বায (রহঃ) এবং আরও অনেকের সিদ্ধান্ত হলো— স্বর্ণ বা রুপার মধ্যে যেটির নিসাব সর্বনিম্ন কাগুজে মুদ্রার ক্ষেত্রে সেটিই নিসাব হিসেবে গণ্য হবে; যাতে দরিদ্রদের কল্যাণ নিশ্চিত হয়।
‘মাজমাউল-ফিকহ আল-ইসলামী’র সিদ্ধান্তে বলা হয়েছে:
"কাগুজে মুদ্রার মূল্য যখন স্বর্ণ বা রুপার মধ্যে যেটির নিসাব সর্বনিম্ন সেটির সমপরিমাণ হবে কিংবা স্বর্ণ বা রুপার সাথে মিলে কিংবা ব্যবসায়িক পণ্যের সাথে মিলে নিসাবকে পূর্ণ করবে তখন যাকাত প্রদান করা ওয়াজিব হবে।"[সিদ্ধান্ত নং- ৬, পৃষ্ঠা-১০১]
সৌদি স্থায়ী কমিটির ফতোয়া সমগ্রে (৯/২৫৭) এসেছে:
প্রশ্ন: আমরা ডলারের নিসাব কত তা জানতে চাই?
উত্তর: ডলার বা অন্যান্য কাগুজে মুদ্রার নিসাব হলো: যাকাত ওয়াজিব হওয়ার সময় তা ২০ মিসকাল স্বর্ণ অথবা ১৪০ মিসকাল (৫৯৫ গ্রাম) রুপার সমমূল্যের হওয়া। স্বর্ণ ও রুপার মূল্যের পার্থক্যের কারণে সময় ও দেশভেদে দরিদ্রদের জন্য যেটি বেশি উপকারী (অর্থাৎ যেটির নিসাব কম) সেটির মাধ্যমেই হিসাব করতে হবে।
আল্লাহই তাওফিকের মালিক। আমাদের নবী মুহাম্মদ ও তাঁর পরিবার-পরিজন ও সাহাবীবর্গের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।
আব্দুল্লাহ বিন কুয়ূদ, আব্দুল্লাহ বিন গাদইয়ান, আব্দুর রাজ্জাক আফীফী, আব্দুল আযিয বিন আব্দুল্লাহ বিন বায।
দেখনু: শাইখ ইবনে বায (রহ.) এর ‘মাজমু ফাতাওয়া’ (১৪/১২৫)।
পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে দেখুন বর্তমান বাজারে ৫৯৫ গ্রাম রুপার মূল্য কত? যদি আপনার নগদ অর্থ সেই পরিমাণ হয় তবে আপনাকে ২.৫% (শতকরা আড়াই) হারে যাকাত প্রদান করতে হবে।
আল্লাহই সর্বজ্ঞ।