নারী ঋতুবতী হওয়ার পর রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত সে পবিত্র হবে না, তা কম হোক কিংবা বেশি হোক। অনেক ফকীহ বলেছেন যে এর সর্বনিম্ন পরিমাণ একদিন একরাত আর সর্বোচ্চ পরিমাণ পনের দিন। এখানে এক প্রকার রক্ত আছে যাকে ইস্তেহাযার রক্ত বলা হয়। এটি ঋতুস্রাবের রক্ত থেকে ভিন্ন। এর বিধি-বিধান ঋতুস্রাবের বিধান থেকে আলাদা। ঋতুস্রাব নামাযে প্রতিবন্ধক। কিন্তু ইস্তেহাযা নামাযে প্রতিবন্ধক না। বরং এক্ষেত্রে সে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রতি নামাযের জন্য অযু করবে। যদি নারী মনে করে সে পবিত্র হয়েছে, কিন্তু তারপর আবার (ঋতুস্রাবের) রক্ত ফিরে আসে, তাহলে সেটি ঋতুস্রাব হিসেবেই গণ্য হবে যদি না পুরো মাস জুড়ে তা অব্যাহত থাকে।
ঋতুস্রাবের সমাপ্তি নির্ধারণের পদ্ধতি কী, যাতে করে নারী নামায পড়তে পারে?
প্রশ্ন 5595
ঋতুস্রাবের সময় শেষ হওয়ার পর নামায শুরু করার বিষয়টি একজন নারী কীভাবে নির্ধারণ করবে? যদি নারী মনে করে যে ঋতুস্রাব শেষ হয়েছে এবং নামায শুরু করে তারপর আরো রক্ত কিংবা বাদামী স্রাব বের হওয়া আবিষ্কার করে তাহলে তার করণীয় কী?
উত্তরের সার-সংক্ষেপ
উত্তর
সূচিপত্র
নারী কখন ঋতুস্রাব থেকে পবিত্র হয়?
যখন কোনো মহিলার ঋতুস্রাব হয়, তখন রক্ত বন্ধ হয়ে গেলেই তার পবিত্রতা অর্জিত হয়, তা কম হোক বা বেশি। অনেক ফকীহ এই মত পোষণ করেন যে, ঋতুস্রাবের সর্বনিম্ন সময়সীমা এক দিন ও এক রাত এবং সর্বোচ্চ পনের দিন।
তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এই মত পোষণ করেন যে, এর সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনো নির্দিষ্ট সীমা নেই; বরং যখনই তার পরিচিত বৈশিষ্ট্যসহ রক্ত পাওয়া যাবে, তখনই তা ঋতুস্রাব হিসেবে গণ্য হবে, কম হোক বা বেশি। তিনি রাহিমাহুল্লাহ বলেন: “আল্লাহ তাআলা ঋতুস্রাবের সাথে কুরআন ও সুন্নাহতে বিভিন্ন বিধান সংযুক্ত করেছেন, কিন্তু তার সর্বনিম্ন বা সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করেননি এবং দুই ঋতুস্রাবের মাঝে পবিত্রতার সময়সীমাও নির্ধারণ করেননি। অথচ এটি গোটা উম্মতের জন্য একটি ব্যাপক ও প্রয়োজনীয় বিষয়।”[মাজমুউল ফাতাওয়া (১৯/২৩৭)]
তারপর তিনি বলেন: “আলেমদের মধ্যে কেউ এর সর্বোচ্চ ও সর্বনিম্ন নির্ধারণ করেছেন, আবার তারা নির্ধারণের ক্ষেত্রে নিজেদের মধ্যে মতভেদ করেছেন। কেউ শুধু সর্বোচ্চ নির্ধারণ করেছেন, সর্বনিম্ন নয়। তৃতীয় মত হলো সবচেয়ে সঠিক: সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনোটিরই নির্দিষ্ট সীমা নেই।”[মাজমুউল ফাতাওয়া (১৯/২৩৭)]
ঋতুস্রাব ও ইস্তেহাযার মাঝে পার্থক্য
এক প্রকার রক্ত আছে যাকে ইস্তিহাযা বলা হয়, যার বৈশিষ্ট্য ঋতুস্রাবের রক্ত থেকে ভিন্ন এবং এর বিধানও ঋতুস্রাবের বিধান থেকে আলাদা। নিচে উল্লিখিত বিষয়গুলো দিয়ে এই রক্তকে ঋতুস্রাব থেকে আলাদা করা যায়:
- রং: ঋতুস্রাবের রক্ত কালো বর্ণের, আর ইস্তিহাযার রক্ত লাল বর্ণের।
- ঘনত্ব: ঋতুস্রাবের রক্ত ঘন ও গাঢ়, আর ইস্তিহাযার রক্ত পাতলা।
- গন্ধ: ঋতুস্রাবের রক্তে দুর্গন্ধ থাকে, আর ইস্তিহাযার রক্তে দুর্গন্ধ থাকে না, কারণ এটি একটি সাধারণ শিরার রক্ত।
ঋতুস্রাব নামায পড়তে বাধা দেয়, কিন্তু ইস্তিহাযা নামায পড়তে বাধা দেয় না। ইস্তিহাযাগ্রস্ত মহিলা কেবল সতর্কতামূলক ব্যবস্থা নেবেন এবং রক্ত পরবর্তী নামায পর্যন্ত অব্যাহত থাকলে প্রতিটি নামাযের জন্য অযু করবেন। নামাযের মধ্যে রক্ত বের হলে তা কোনো ক্ষতি করবে না।
মূলনীতি হলো: নির্গত রক্ত ঋতুস্রাবের রক্ত হিসেবেই গণ্য হবে, যতক্ষণ না তা (শাইখুল ইসলামের মতে) সারা মাসজুড়ে অব্যাহত থাকে অথবা (জমহুর আলেমদের মতে) ঋতুস্রাবের সর্বোচ্চ সময়সীমা তথা পনের দিন অতিক্রম করে। সেক্ষেত্রে তা ইস্তিহাযার রক্ত হিসেবে গণ্য হবে।
ঋতুস্রাব থেকে পবিত্রতার লক্ষণসমূহ
একজন নারী দুটি বিষয়ের মাধ্যমে পবিত্রতা বুঝতে পারবেন:
- কাস্সাতুল বায়দা (সাদা স্রাব) নির্গত হওয়া: এটি হলো সাদা রঙের একটি তরল পদার্থ যা জরায়ু থেকে বের হয় এবং এটি পবিত্রতার নিদর্শন।
- সম্পূর্ণ শুষ্কতা: যদি কোনো মহিলার এই সাদা তরল না বের হয়, তাহলে তিনি পবিত্রতা যাচাইয়ের জন্য রক্ত বের হওয়ার স্থানে একটি সাদা তুলার টুকরো প্রবেশ করাবেন। যদি তা পরিষ্কার অবস্থায় বের হয়, তাহলে তিনি পবিত্র হয়ে গেছেন বলে গণ্য হবেন এবং গোসল করে নামায পড়বেন।
আর যদি তুলাটি লাল, হলুদ বা বাদামী রঙে বের হয়, তাহলে নামায পড়বেন না।
মহিলারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একটি পাত্রে হলুদাভ তুলা পাঠাতেন, তখন তিনি বলতেন: “তাড়াহুড়ো করো না, যতক্ষণ না সাদা তরল দেখতে পাও।”[হাদীসটি ইমাম বুখারি মুয়াল্লাক হিসেবে বর্ণনা করেছেন (কিতাবুল হায়েয, হায়েযের আগমন ও বিদায় অধ্যায়) এবং ইমাম মালিক (১৩০)]
দুরজাহ হচ্ছে ঐ পাত্র যেখানে নারী তার সুগন্ধি ও সামগ্রী রাখেন।
কুরসুফ: তুলা।
কাস্সাহ: ঋতুস্রাব শেষে নির্গত সাদা পানি।
সুফরাহ: হলুদ স্রাব।
মহিলার পবিত্রতার দিনগুলোতে যদি হলুদ বা ঘোলাটে (কুদরাহ) পানি আসে, তাহলে তা কোনো কিছু হিসেবে গণ্য হবে না। মহিলা তার নামায ছাড়বেন না এবং গোসলও করবেন না। কারণ এটি গোসল ওয়াজিব করে না এবং এর ফলে জুনুবি (বড় অপবিত্রতা) অবস্থা সৃষ্টি হয় না।
উম্মে আতিয়্যাহ রাদিয়াল্লাহু আনহার হাদীসে আছে: “আমরা পবিত্রতার পরে হলুদ ও ঘোলাটে (বাদামী) পানিকে কিছুই মনে করতাম না।”[হাদীসটি আবু দাউদ (৩০৭) ও ইমাম বুখারী (৩২০) বর্ণনা করেন। তবে বুখারী ‘পবিত্রতার পরে’ কথাটি উল্লেখ করেননি]
কুদরাহ: বাদামী (ঘোলাটে) রঙের পানি যা ময়লা পানির মতো দেখায়।
‘কিছুই মনে করতাম না’ এর অর্থ: আমরা একে ঋতুস্রাব হিসেবে গণ্য করতাম না, তবে এটি অযু ওয়াজিব করে।
আর যদি বাদামী বা হলুদ স্রাব ঋতুস্রাবের সাথে সংযুক্ত থাকে, তাহলে তা ঋতুস্রাবেরই অংশ।
পবিত্রতার পরে রক্ত ফিরে আসলে কখন তা ঋতুস্রাব হিসেবে গণ্য হবে?
যদি কোনো নারী মনে করেন যে তিনি পবিত্র হয়ে গেছেন, তারপর আবার রক্ত ফিরে আসে, তাহলে তা ঋতুস্রাব হিসেবে গণ্য হবে; যদি না তা সারা মাসজুড়ে অব্যাহত থাকে।
আল্লাহই সর্বজ্ঞ।
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব